খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় মুক্তি দেওয়ার আহ্বান সেলিমা ইসলামের

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেছেন, মানবিক কারণে এবং শরীরের অবস্থা বিবেচনা নিয়ে তাকে মুক্তি দেওয়া উচিত।

সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই খারাপ। কোনো কিছুর উন্নতি হয়নি। আগের মতোই খালেদা জিয়ার সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা। তার বাম হাত সম্পূর্ণ বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। খেতেও পারছেন না। খেলে বমি হয়ে যাচ্ছে। তার শরীর খুবই খারাপ। (শুক্রবার রাতে) তার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, শ্বাস নিতে পারছিল না। আমরা চাই, সরকার মানবিক দিক বিবেচনা করে অন্তত উনাকে মুক্তি দিক। গতকাল শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজনসেলে চিকিত্সাধীন বেগম জিয়ার সঙ্গে পরিবারের পাঁচ সদস্য নিয়ে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন সেলিমা। এসময় উপস্থিত ছিলেন ছোটো ভাই শামীম এস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক এস্কান্দার এবং ভাগনি সামিয়া এস্কান্দার।

খালেদা জিয়ার মামলার সর্বশেষ যে জামিন আবেদন করা হয়েছে সে বিষয়ে তিনি সবকিছু জানেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিমা ইসলাম বলেন, তিনি এসব বিষয়ে সব কিছু জানেন।