আওয়ামী লীগের আটটি নির্বাচনী অফিসে আগুন

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের আটটি নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে গত সোমবার রাত ৯টায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঐক্যফ্রন্টের প্রার্থী মেজর অব. আখতারুজ্জামানসহ চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুলের স্ত্রী মাকসুদা খানম ও মেয়ে খুকুকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাটের মোরেলগঞ্জে ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিমের বাড়িতে অভিযান চালিয়ে ৯৯ জনসহ বিভিন্ন স্থান থেকে দেড় শতাধিক বিএনপি সমর্থিত নেতা-কর্মী গ্রেফতার করা হয়েছে। ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

নারায়ণগঞ্জ: কুতুবপুর ইউনিয়নের রসূলপুরে আওয়ামী লীগের প্রার্থী ও  এমপি একেএম শামীম ওসমানের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে সেলিম ওসমানের নির্বাচনী অফিসে আগুন দেয়ার মামলায় জেলা গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরামের উপদেষ্টা দেলোয়ার হোসেন চুন্নুকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদিকে জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং শামীম ওসমানের অনুগামীদের হুমকির অভিযোগে ঐক্যফ্রন্ট প্রার্থী কাশেমীর ভাই মুকতার হোসেন গ্রেফতার হয়েছেন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): গতকাল সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে মহাজোট প্রার্থী লিয়াকত হোসেন খোকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল কায়সারের হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এসময় ১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছে।  আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। 

রাজশাহী: রাজশাহীর পবা ও গোদাগাড়ীতে নৌকার তিনটি নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পবায় হরিয়ান ইউপিতে দু’টি ও গোদাগাড়ীর মোহনপুর ইউপিতে একটি অফিস পুড়িয়ে দেয়া হয়। দলটির নেতাদের অভিযোগ, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এই অপকর্ম করেছে। অন্যদিকে বিএনপির অভিযোগ, নিজেদের কার্যালয়ে আগুন দিয়ে তারা বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ): গত সোমবার রাতে পৌর শহরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।  এছাড়া একই রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি বাজারে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রায়পুর (লক্ষ্মীপুর): সোমবার রাতে উপজেলার কেরোয়া ইউনিয়ন যুবদল নেতা আরিফ হোসেনের বাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাতেই পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেন। অভিযুক্ত ইউপি সদস্য আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তার মোবাইল বন্ধ ছিল।

লোহাগড়া (নড়াইল): গত সোমবার উপজেলার ইতনায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণে পাপ্পু কাজী (৩৪) নামে এক যুবক আহত হয়েছে।  ঘটাস্থলে একটি অবিস্ফোরিত ককটেল সদৃশ্য বস্তু পাওয়া গেছে। তবে পুলিশ বলেছে, এটি ককটেল হামলা নয়।

গজারিয়া (মুন্সীগঞ্জ): উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারিসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০/৭০জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): গতকাল উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের জাহানাবাদ মাদামবিবিরহাট বিএনপির সঙ্গে সংঘর্ষে পেট্রোল বোমা হামলায় ছাত্রলীগ ও যুবলীগের তিনকর্মী দগ্ধ হয়েছেন। বিএনপির মিছিল থেকে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। এছাড়াও উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

মহেশপুর (ঝিনাইদহ): মান্দারবাড়ীয়া ইউনিয়নের হাবাশপুর বাজারে মহাজোট প্রার্থীর নির্বাচন ক্যাম্পে ভাংচুর চালিয়ে আগুল লাগিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় জামায়াত-বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে।  এ ছাড়া একই ইউনিয়নের শ্রীরামপুর বাজারে নির্বাচনী ক্যাম্পে বোমা বিস্ফোরণের ঘটনায় ৪৬ মামলা হয়েছে।

নীলফামারী: গত সোমবার রাতে সদরে রামনগর ইউনিয়নে ডাঙ্গাপাড়া মোটর বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।  এ ঘটনায় দুই শিবির কর্মী ও এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে।

কটিয়াদী (কিশোরগঞ্জ): কটিয়াদীতে সোমবার রাত ৯টায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঐক্যফ্রন্টের প্রার্থী মেজর অব. আখতারুজ্জামানসহ চার পুলিশ কর্মকর্তা আহত হন। পুলিশ তিনজনকে আটক করেছে। একটি নির্বাচনী সভার শেষ পর্যায়ে পুলিশ সভার অনুমতি আছে কিনা জিজ্ঞাসা করলে বিএনপির প্রার্থী ও কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষ হয়। উপজেলা বিএনপি নেতা ছোবহানের মেয়ে রাফিকা জানান, পুলিশ  আমাদের বাড়ি ভাংচুর করে এবং মেজর আখতারুজ্জামানকে মারাত্মক ভাবে আহত করে। উনার নাক দিয়ে রক্ত পড়ছে। পুলিশ বাড়ির চারদিক ঘেরাও করে রেখেছে ফলে উনার চিকিত্সা হচ্ছে না। অতিরক্তি পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, পুলিশের ওপর আক্রমণ করে পুলিশকেই তারা আহত করেছে। উল্লেখ্য, পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ নৌকা প্রতীক নিয়ে এই আসনে নির্বাচন করছেন।

পাইকগাছা (খুলনা): মাইকে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন ধানের শীষ প্রতীকের নির্বাচনী সদস্য সচিব।

সাতক্ষীরা: সাতক্ষীরা-১ আসনের পাটকেলঘাটায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচার অফিসে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুলের স্ত্রী মাকসুদা খানম ও মেয়ে খুকুকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা-৩ আসনের বিএনপির প্রার্থী ডা. শহিদুল ইসলাম জানান, তার ৪ জন কর্মী-সমর্থককে কোন ওয়ারেন্ট ছাড়াই পুলিশ গ্রেফতার করেছে।

মোরেলগঞ্জ (বাগেরহাট): ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিমের বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৯৯ নেতা-কর্মী আটক করেছে পুলিশ। পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে বৈঠক করছিল তারা। তবে প্রার্থীকে আটক করা হয়নি।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা): নবাবগঞ্জে খন্দকার মাহবুব বাহিনীর হামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী আহত হয়েছেন। তিনি নৌকার প্রার্থী সালমান এফ রহমানের সভা থেকে ফিরছিলেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম): গতকাল উপজেলার কয়েকটি স্থানে ইসলামী ফ্রন্ট নেতা কর্মীদের ওপর কয়েক দফায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়।

এছাড়া গাজীপুর-২ আসনের ২৭ নং ওয়ার্ড থেকে ৯ জন, সাভার উপজেলার আশুলিয়ায় ১৫ জন, কুমিল্লা দক্ষিণ ও বরুড়ায় ২৩ জন, পিরোজপুরের মঠবাড়িয়ায় ৯ জন, রংপুরের পীরগাছায় ছয়জনসহ বিভিন্ন স্থান থেকে দেড় শতাধিক বিএনপি-জামায়াত সমর্থিত নেতা-কর্মী গ্রেফতার করেছে পুলিশ।