দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘৈর চিতাখোলা রোডে শুক্রবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান, বাঘৈর ও চিতাখোলা রোডে প্রায়ই মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটে। এজন্য ঐ এলাকায় পুলিশের টহল টিম জোরদার করা হয়েছে। শুক্রবার রাতে পথচারী ও যাত্রীদের গাড়ি থামিয়ে একদল দুর্বৃত্ত ডাকাতি করছিল। টহল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি চালায়। পরে ডাকাতরা ঘটনাস্থাল থেকে পালিয়ে গেলে এক জনের লাশ পাওয়া যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি ছোরা ও ১৫টি গুলির খোসা উদ্ধার করে।
গতকাল শনিবার লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।