ফতুল্লা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় চার এহসার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, পিবিজিএম, পিবিজিএমএস উপস্থিত গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত জঙ্গিরা হলো—চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার মাশরুর আনোয়ার চৌধুরী ওরফে লোন উলফ ওরফে ট্রুথ সিকদার (৩১), একই থানা এলাকার মোহাম্মদ কাওসার আলম ওরফে ফরহাদ নূর (২৮), একই জেলার পাঁচলাইশ থানা এলাকার আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত (২৭) ও কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকার হাফেজ মো. রাকিবুল ইসলাম (২৫)।