সিলেটে বিএনপির অর্ধশতাধিক নেতা আটক

নির্বাচনকে সামনে রেখে সিলেটে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। আটক করা হচ্ছে বিএনপি-জামায়াতের গুরুত্বপূর্ণ নেতাদের। জেলা বিএনপির সহ-সভাপতি আজির উদ্দিন, সাবেক সিটি কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, ইউপি সদস্য এনামুল হোসেন এনামসহ বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। গত সোমবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চলে। তবে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, যাদের আটক করা হচ্ছে তারা বেশিরভাগই নিয়মিত মামলার আসামি ও নাশকতার সঙ্গে জড়িত।

এদিকে, সিলেট-১ আসনে ঐক্যফ্রন্ট তথা বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তার কর্মীদের আটক করা হয়েছে মর্মে সাংবাদিকদের কাছে একটি তালিকা তুলে ধরেছেন। কোতোয়ালী, এয়ারপোর্ট, জালালাবাদ ও শাহপরান থানায় পৃথক মামলাও হয়েছে। এতে কয়েকশ নেতাকর্মীকে আসামি করা হয়।