নাট্যশ্রমের চার দশক
আরিফুজ্জামান উজ্জ্বল
জাবি প্রতিনিধি
১৯৮১ সালে ‘আমরা নাট্যশ্রমিক, নাটক আমাদের শ্রম ও ঘামের ফসল’—এই শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ সম্মিলিত হয়ে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠা করে। পরে ১৯৮৮ সালে জাহাঙ্গীরনগর থিয়েটার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ পথ নাটক পরিষদের সদস্যপদ লাভ করে। গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত দল হিসেবে দেশের বিভিন্ন স্থানে নাটক মঞ্চায়নের মাধ্যমে সুস্থ নাট্যচর্চাকে সমুন্নত রাখতে আপ্রাণ কাজ করে যাচ্ছে সংগঠনটি।
নাট্যশ্রমের চার দশকে বিশ্ববিদ্যালয়ের এ সংগঠনটি দর্শকদের উপহার দিয়েছে মনজুড়ানো অনেক নাটক। যেসব নাটকের চরিত্রে তুলে ধরে সমাজের বাস্তবতার চিত্র। তারই ধারাবাহিকতায় গত ১ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত ৬ দিনব্যাপী নাট্যপার্বণের আয়োজন করে সংগঠনটি। ‘কালের করাঘাতে জেগে উঠুক দ্রোহের লাল’—এই শ্লোগানে ৬ ছয় দিনব্যাপী নাট্যপার্বণে তারা মঞ্চস্থ করে ৫টি নাটক। সবগুলো নাটক সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে মঞ্চায়িত হয়।
এছাড়া শেষদিন জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রাক্তন ও বর্তমান নাট্যকর্মীদের পুনর্মিলনীর মাধ্যমে ৬ দিনব্যাপী নাট্যপার্বণ-২০২০ শেষ হয়। এছাড়া এ নাট্যপার্বণের মাধ্যমে গীতিকার ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুজজামানকে গুণীজন সম্মাননা এবং আহম্মেদ কবীরকে নাট্যজন সম্মাননা দেওয়া হয়।