স্পোর্টস রিপোর্টার
গত জানুয়ারিতে জিম্বাবুয়ে সীমিত ওভারের অধিনায়ক ঘোষণা করেছে চামু চিবাবাকে। তিনি একটি ওয়ানডে অধিনায়কত্ব করার পর ইনজুরিতে পড়েছেন। ওদিকে টেস্ট অধিনায়ক ছিলেন শন উইলিয়ামস। কিন্তু টেস্টে তিনি দায়িত্ব পালন করতে পারেননি কন্যার জন্ম উপলক্ষ্যে। এখন সীমিত ওভারে বরং দায়িত্ব পালন করছেন উইলিয়ামস।
এখন টি-টোয়েন্টি সিরিজের আগে এই অভিজ্ঞ অধিনায়ক বলছেন, ফরম্যাটটা ভিন্ন বলেই তারা ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। টি-টোয়েন্টিতে যে কোনো সময় খেলার মোড় ঘুরে যেতে পারে বলে নিজেদের সম্ভাবনা দেখছেন উইলিয়ামস, ‘টি-টোয়েন্টিতে সুযোগ থাকে। যে কোনো দিকেই যেতে পারে ম্যাচ। এক ওভার, এমনকি দুটি বলও খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। সংক্ষিপ্ত সংস্করণে মাঠে নামার আগে আমরা রোমাঞ্চিত। আমরা তরুণ একটি দল। ছেলেরা আশা করি উপভোগ করবে। মিরপুরে খেলাটাও রোমাঞ্চকর। সন্ধ্যায় খেলা, দুই ইনিংসে পিচের আচরণ ভিন্ন হতে পারে। দেখা যাক।’
বাংলাদেশে খেলার জন্য বাইরের দলগুলোর মূল চ্যালেঞ্জ স্পিন খেলা। তবে উইলিয়ামস বলছেন, অভিজ্ঞতার কারণেই তারা ভালো করার ব্যাপারে আশাবাদী, ‘ব্রেন্ডন, রাজা ও আমি এখানে অনেক বছর খেলেছি। অবশ্যই বাংলাদেশের স্পিনারদের সমীহ করতে হবে আমাদের, পাশাপাশি এটাও আমাদের বুঝতে হবে কখন আমরা আক্রমণাত্মক হবো, কখন সতর্ক। পাওয়ার প্লে অবশ্য হবে গুরুত্বপূর্ণ। আবার শিশিরও প্রভাব ফেলতে পারে। স্পিনারদের সামনে তাই চ্যালেঞ্জও আছে।’
তবে এটা উইলিয়ামস স্বীকার করলেন যে, শুধু বোলিং নয়, সব বিভাগেই তারা বাংলাদেশের বিপক্ষে খারাপ করছেন, ‘শুধু বোলিং নয়, আমাদের ব্যাটিং, ফিল্ডিং সবই ধুঁকছে। যেটি বললাম, মৌলিক দিকগুলোয় আমরা ভালো করতে পারিনি। ছোটো ছোটো ব্যাপারগুলোই বড়ো পার্থক্য গড়ে দেয়। আমরা এখানে নিজেদের হতাশ করেছি। এসব নিয়ে সবার সঙ্গে আমি কথা বলেছি, আমরা কাজ করছি। এখানে আমি কোনো ছাড় দিতে দিতে চাই না এবং শৃঙ্খলা ফিরে আসতে দেখতে চাই।’ বাংলাদেশের সঙ্গে নিজেদের মূল পার্থক্য দেখছেন স্কিলে। এই অধিনায়ক বলছিলেন, ‘আমার মতে, মূল পার্থক্য স্কিলে। আমাদের স্কিল ভালো ছিল না। আবারও বলছি, মৌলিক জায়গাগুলোয় আমরা খুবই বাজে ছিলাম। ওয়ানডেতে দুটি নতুন বলে দুই প্রান্ত থেকে বোলিং, আমরা উইকেট নিতে পারিনি। প্রথম ১০ ওভারে ওদের উড়ন্ত সূচনার পর মাঝের ওভারগুলোতে স্পিনারদের জন্য রাশ টেনে ধরা কঠিন ছিল। আবার, স্পিনাররা যেহেতু মাঝে উইকেট নিতে পারেনি, শেষ দিকে পেসারদের কাজ হয়ে পড়েছে কঠিন। নতুন বলে তাই আমাদের উন্নতি করতে হবে এবং দ্রুত করতে।’