অস্ট্রেলিয়ার মেয়েদের পঞ্চম শিরোপা

টি-টোয়েন্টি

বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

পঞ্চমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। মেলবোর্নের ৮৬ হাজার দর্শকের সামনে ভারতকে নাকানিচুবানি খাওয়াল অস্ট্রেলিয়ার মেয়েরা।

গেল ছয় আসরের মধ্যে চার বারই শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। আর সেখানে ভারতের শিরোপার খাতা এখনো শূন্য। ফাইনালে সেই পার্থক্যটাই স্পষ্ট হয়ে গেল। গতকাল রোববার ভারতকে ৮৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্বকাপ ফাইনালের রেকর্ড রান তোলে অস্ট্রেলিয়া। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় ৯৯ রানেই অলআউট হয়ে যায় ভারত।

অস্ট্রেলিয়া জয়ের ভিত গড়ে ফেলে প্রথম ইনিংসেই। টস জিতে ব্যাটিংয়ে নেমে হিলি-মুনির ১১৫ রানের উদ্বোধনী জুটিই ছিল ম্যাচে ভাগ্যনির্ধারক। হিলি ৭ চার ও ৫ ছক্কায় খেললেন ৩৯ বলে ৭৫ রানের ইনিংস। স্ত্রীর খেলা দেখতে মাঠে ছুটে এসেছিলেন অস্ট্রেলিয়ার পেস বোলিং তারকা মিশেল স্টার্ক। আর শেষ অবধি তার হাসিটা চওড়া হয়েছে আরো। হিলি জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

দুর্দান্ত ফর্মে থাকা বেথ মুনির ব্যাট থেকে এসেছে ৫৪ বলে ১০ চারে ৭৮ রানের অপরাজিত ইনিংস। তার হাতে উঠেছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

বড়ো লক্ষ্য তাড়ায় মেগান শুট, জেস জোনাসেনদের আগুনে বোলিংয়ে পুড়ে ভারতীয় ব্যাটিং। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮ রানে ৪ উইকেট নিয়ে ফাইনালের সেরা বোলার শুট। জোনাসেন নিয়েছেন তিনটি। ভারতের ইনিংসের মাত্র চারজন ব্যাটসম্যান পৌঁছাতে পারেন দুই অঙ্কের ঘরে।

বল হাতে ভারতের হয়ে দু’টি উইকেট নিয়েছিলেন দিপ্তি শর্মা। ব্যাট হাতেও ছিলেন সফল। সর্বোচ্চ ৩৩ রান করেন। তার এই ইনিংস অবশ্য ব্যবধান কমানো ছাড়া কোনো উপকারে আসেনি ভারতের।

সংক্ষিপ্ত স্কোর :

টস : অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া নারী দল : ২০ ওভারে ১৮৪/৪ (হিলি ৭৫, মুনি ৭৮*, ল্যানিং ১৬, গার্ডনার ২, হেইন্স ৪, কেয়ারি ৫*; দিপ্তি ৪-০-৩৮-২, শিখা ৩-০-৫২-০, রাজেশ্বরি ৪-০-২৯-০, পুনম ৪-০-৩০-০, রাধা ৪-০-৩৪-১)

ভারতীয় নারী দল :

১৯.১ ওভারে ৯৯ (শেফালি ২, মান্ধানা ১১, তানিয়া ২ (রিটায়ার্ড হার্ট), জেমিমা ০, হারমানপ্রিত ৪*, দিপ্তি ৩৩, ভেদা ১৯, রিচা ১৮, শিখা ২, রাধা ১, পুনম ১, রাজেশ্বরি ১*; শুট ৩.১-০-১৮-৪, জোনাসেন ৪-০-২০-৩, মলিনিউ ৪-০-২১-১, কিমিন্স ৪-০-১৭-১, কেয়ারি ৪-০-২৩-১)

ফলাফল : অস্ট্রেলিয়া ৮৫ রানে জয়ী

ম্যাচ সেরা : অ্যালিসা হিলি

টুর্নামেন্ট সেরা : বেথ মুনি