সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জে শুরু হয়েছে দুই মাসব্যাপী বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ। স্কুলভিত্তিক নারী ও পুরুষের পৃথক দুটি ক্রিকেট প্রশিক্ষণে শত শত কিশোর-কিশোরী এই প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষণ শেষে টুর্নামেন্টের মধ্য দিয়ে ভালো খেলোয়াড় বাছাই করা হবে। অলস সময় কাটানো, মোবাইল ও মাদকে আসক্তি ও কুচিন্তা থেকে দূরে রাখতে এবং ভবিষ্যতে ক্রীড়া ক্ষেত্রে ভালো অবদান রাখার উদ্দেশ্যে যুব সমাজকে উত্সাহ ও উদ্দীপনা জোগাতে এবং দক্ষ খেলোয়াড় সৃষ্টিতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
দেবীগঞ্জ দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার একপ্রান্তের নিভৃত এক উপজেলা। পশ্চাত্পদ কৃষিনির্ভর দরিদ্র এ অঞ্চলে ক্রীড়া ও ক্রীড়া প্রশিক্ষণ দৃশ্যত বিলাসিতার নামান্তর হলেও ২০১৬ ও ২০১৭ সালে এই উপজেলারই একটি অখ্যাত বালিকা বিদ্যালয় রিভারভিউ গালর্স স্কুল মেয়েদের জাতীয় পর্যায়ের আন্তঃস্কুল ক্রিকেটে রানার আপ হয়েছিল।
তারই ধারাবাহিকতায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান মুজিববর্ষ উপলক্ষ্যে পুরুষদের পাশাপাশি মেয়েদের ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেন। দেবীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা জানায়, আন্তঃস্কুল ক্রিকেটে দেবীগঞ্জের রিভারভিউ গালর্স স্কুলের মেয়েরা জাতীয়পর্যায়ের ক্রিকেটে রানার আপ হন। দেবীগঞ্জের সন্তান শরিফুল জাতীয় দলের হয়ে খেলছেন।
দক্ষ খেলোয়াড় সৃষ্টিতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে দুই মাস ব্যাপী ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ। এ উপজেলার ১০টি ইউনিয়নের ৫০টি বিদ্যালয়ের বাছাই করে চার শতাধিক নারী ও পুরুষ খেলোয়াড়কে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
দেবীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জসিম উদ্দিন প্রমানিক জানান, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কোচ শাহিনুর রহমান গুড্ডু ও মিজু ইসলাম এই প্রশিক্ষণ দিচ্ছেন।
এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজক ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান জানান, দেবীগঞ্জে মেয়েদের ক্রিকেট বহু আগে থেকেই জনপ্রিয়। মুজিববর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুলের আগ্রহী নারী ক্রিকেটারদের দুই মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের আয়োজন করেছি। দেবীগঞ্জের অনেক সম্ভাবনাময় তরুণ-তরুণী ক্রিকেটার এখানে রয়েছে, তাদের জাতীয় টিমে উপহার দেওয়ার জন্য আমরা বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছি।