এশিয়া একাদশে অনিশ্চিত কোহলি

মুজিব ১০০ টি-২০ কাপ

স্পোর্টস রিপোর্টার

পরিচালকদের মধ্যে অপ্রীতিকর উচ্চ-বাচ্য দিয়ে শুরু হয়েছিল গতকাল বিসিবির বোর্ড সভা। কয়েকজনের ওয়াকআউটের অবতারণাও হয়েছে। কঠোর গোপনীয়তা অবলম্বন ও দ্রুত সমাধানের কারণে সেটির গরম হাওয়া বাইরে আসেনি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঘটনার রেশ বোর্ডে ভাঙন ধরাতে পারে। এমনকি পরিচালকদের কেউ কেউ পদত্যাগও করতে পারেন।

অনাকাঙ্ক্ষিত উত্তপ্ততায় শুরু হওয়া গতকালকের বোর্ড সভায় অবশ্য ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঠিক করেছে বিসিবি। বোর্ড সভার পর সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মাশরাফি বিন মুর্তজার স্থলাভিষিক্ত হয়েছেন তামিম ইকবাল। চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকাও অনুমোদন দিয়েছে বিসিবি। সভায় বড়ো আলোচনার বিষয় ছিল মুজিব ১০০ টি-২০ কাপের দুটি ম্যাচ।

এশিয়া একাদশ দলটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তবে সেখানে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি। বিশ্ব একাদশ চূড়ান্তকরণে আরো কিছুদিন অপেক্ষা করবে বিসিবি। আন্তর্জাতিক টি-২০র মর্যাদা পাওয়া ম্যাচ দুটি নিয়ে প্রসঙ্গতই এসেছে বিশ্বে আলোড়ন তোলা করোনা ভাইরাসের বিষয়টি। গতকালই বাংলাদেশে করোনা ভাইরাসের তিন রোগী শনাক্ত হয়েছে। বিসিবি আশাবাদী ম্যাচ দুটি ভালোভাবেই সম্পন্ন হবে। করোনা ভাইরাস নিয়ে বাড়তি চিন্তা করছে না বিসিবি।

মুজিব ১০০ টি-২০ কাপ সম্পর্কে গতকাল সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘এখানে দুটো প্রোগ্রাম আছে আমরা নিশ্চিত করেছি। একটা হলো কনসার্ট, ১৮ তারিখে এ আর রহমানের। আমরা সেটা করব আর হলো এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ। সেটা আমরা ২১ ও ২২ তারিখ করব।’

এশিয়া একাদশ অনেকটাই চূড়ান্ত, বিশ্ব একাদশের ১১ জন হয়ে গেছে। আরো ৩-৪টা নাম যোগ করা হবে। অস্ট্রেলিয়ার কাউকে পেতে অপেক্ষা করছে বিসিবি। পিএসএলের লিগ পর্ব শেষ হলেই বিশ্ব একাদশ চূড়ান্ত হবে।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির অংশগ্রহণ নিশ্চিত নয়, জানিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘বিরাট কোহলিকে নিয়ে কনফিউশন হচ্ছে। এখানে রাহুল (লোকেশ রাহুল) এক ম্যাচ খেলবে ২২ তারিখেরটা। আর বাকিরা সবগুলোই খেলবে শেখর ধাওয়ান, কুলদীপ যাদব, শামি, রিশাব পান্ত। কিন্তু কেএল রাহুল একটা খেলবে আরেকটা কথা ছিল চেষ্টা চলছে বিরাট কোহলি খেলবে। এটা কথা হচ্ছে, যেহেতু আমাদের কাছে কনফার্মেশন আসেনি তাই নিশ্চিত করে বলতে পারছি না।’ করোনা ভাইরাসের প্রভাব নিয়ে জানতে চাইলে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘কোনো দেশই এটা বলতে পারবে না, আমাদের বোর্ড তো প্রশ্নই উঠে না। এখন পর্যন্ত আমরা নিশ্চিত, প্রত্যেক ইভেন্টই ঠিকমতো হবে। সামনে কী হয় পরিস্থিতি এটা তো জানি না। করোনা ভাইরাস সব দেশেই পাওয়া যাচ্ছে। সরকার যে পদক্ষেপ নিবে বা নিচ্ছে, তারপর সামনে কী সিদ্ধান্ত হয়—পরিস্থিতির ওপর নির্ভর করে। এখন পর্যন্ত আমরা বদ্ধপরিকর, আমরা এই দুইটা ইভেন্ট সুন্দরভাবে করতে পারব।’

এদিকে লাল বল, সাদা বল মিলে চলতি বছরের জন্য তিন ফরম্যাটে ১৬ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বিসিবি। যার মধ্যে এ, বি, সি ক্যাটাগরিতে ১৪ জন ও ২ জনকে রাখা হয়েছে ডি ক্যাটাগরিতে।

কেন্দ্রীয় চুক্তির তালিকা

টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।

টেস্ট: মুমিনুল হক, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন।

ওয়ানডে: মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ।

কেন্দ্রীয় চুক্তিতে নেই সৌম্য

তামিম ইকবাল নতুন ওয়ানডে অধিনায়ক

কেন্দ্রীয় চুক্তিতে ১৬ ক্রিকেটার

মুজিব ১০০ টি-২০ কাপের দুই ম্যাচ ২১ ও ২২ মার্চ

১৮ মার্চ এ আর রহমানের কনসার্ট