অবশেষে রহমতগঞ্জের জয়

স্পোর্টস রিপোর্টার

ব্রাদার্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট পেয়েছিল উত্তর বারীধারা ক্লাব। কাল সেই বারাধারাকে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রহমতগঞ্জ ৩-১ গোলে উত্তর বারীধারাকে হারিয়েছে। হ্যাটট্রিক করতে পারতেন রহমতগঞ্জের গাম্বিয়ান ফরোয়ার্ড মামুদো বাহ। ২ গোল করে এগিয়ে দিয়েছিলেন। হ্যাটট্রিক করবেন সেটা দেখার অপেক্ষায় ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের শ দুয়েক দর্শক। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রহমতগঞ্জের কোচ গোলাম জিলানী অধিনায়ককে মাঠ থেকে তুলে নেন। তাতে রহমতগঞ্জের শক্তি কমেও যায়নি। জয় নিয়েই মাঠ ছেড়েছে রহমতগঞ্জ।

টানা পাঁচ ম্যাচ খেলে প্রথম জয় পেল রহমতগঞ্জ। সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল। শেখ রাসেলের বিপক্ষে ড্র করে প্রথম পয়েন্টের মুখ দেখে। তারপর আবাহনী ও বসুন্ধরার বিপক্ষে হেরে যায়। অবশেষে জয় পেল রহমতগঞ্জ। প্রথমার্ধে মামুদো বাহ কিরণের উত্স থেকে গোল করেন ১-০। দ্বিতীয় গোলটি হয় দিদারুল আলমের ফ্রিকিকের বলে মাথা লাগিয়ে ২-০। প্রথমার্ধেই উত্তর বারীধারার গাম্বিয়ান ল্যান্ডিং ডারবো গোল করে ব্যবধান কমান ১-২। দ্বিতীয়ার্ধে সেটপিস থেকে দর্শনীয় গোল করেন রহমতগঞ্জের তাজিক ডিফেন্ডার একপোপোভ আশরাপভ। ক্ল্যাসিক গোল করেছেন তিনি।

উত্তর বারীধারার কোচ সাবেক তারকা স্ট্রাইকার আলফাজ আহমেদ। হেরে গিয়ে অবাক হচ্ছেন না। কারণ তার গোলকিপার আজাদ হোসেনের ভুলে ২ গোল হজম করেছেন বলে জানিয়েছেন আলফাজ। কোচ যোগ করলেন, ‘আমরা ২টা গোলের সুযোগ কাজে লাগাতে পারিনি। রহমতগঞ্জের গোলকিপার লিটন অসাধারণ দুটি সেভ দিয়েছেন, ওখানেই ম্যাচ শেষ। দুই সুযোগ কাজে লাগেনি। আর ২ গোল আমরা হজম করেছি। তাহলে ম্যাচে আর থাকে কী—বললেন আলফাজ। উত্তর বারীধারা চার খেলায় ১ পয়েন্ট পেয়েছে ব্রাদার্সের বিপক্ষে ড্র করে। আজ থেকে বুধবার পর্যন্ত খেলা নেই। এএফসি কাপের খেলা হবে। বৃস্পতিবার ঢাকায় দুটি খেলা।