স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রয়োজনীয় সংস্কারের অভাবে ধ্বংসের পথে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে গ্রামে অবস্থিত আড়াইশ বছরের পুরনো স্থাপত্য ‘আওকরা মসজিদ’। দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমানে এলাকাবাসী নিজ উদ্যোগে ঝোপ-জঙ্গল পরিষ্কার করে মসজিদটি নামাজের উপযোগী করে নামাজ আদায় শুরু করেছে। তবে দেয়ালে বড়ো বড়ো ফাঁটল থাকায় ঝুঁকি নিয়েই এবাদত করছে স্থানীয় মুসল্লিরা।
মুসল্লি জমির আলী শাহ্ বলেন, ঐতিহ্যবাহী মসজিদটিতে নামাজ আদায় করতে আসি তবে ভয় লাগে কখন এটি ভেঙে পড়ে। এলাকার সমাজসেবক ও সাহিত্যিক গবেষক লুত্ফর রহমান জানান, খানসামা উপজেলার পাকেরহাট গ্রাম ও মীর্জার মাঠের সীমানা সংলগ্ন জায়গায় অবস্থিত পুরোনো স্থাপত্য ‘আওকরা’ মসজিদ। স্থানীয়দের ভাষায় এটি ‘আওকরা’ বা কথা বলা মসজিদ। কিন্তু বর্তমানে এটি সংস্কারের অভাবে ধীরে ধীরে নষ্ট হচ্ছে। উপজেলা চেয়ারম্যান আবু হাতেম বলেন, এক বছর আগে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক ঐতিহ্যবাহী মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগ গ্রহণ করে এবং একটি সাইনবোর্ড দিয়ে দায় সেরেছে। সংস্কারের জন্য এখনো তেমন দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ে না। আসন্ন বর্ষার আগে এটি সংস্কার করা না হলে মসজিদের অপূরণীয় ক্ষতি হবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বগুড়ার আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, মসজিদটির বয়স ২৫০ বছরেরও বেশি। ২০১৮ সালের শেষের দিকে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় নেওয়া হয়। এই মসজিদটির অবস্থা খুবই নাজুক। কাজ ধরলে একবারেই শেষ করতে হবে। বর্তমানে বাজেট না পাওয়ায় কাজ ধরা যায়নি। তিনি আশা প্রকাশ করেন আগামী বাজেটে অর্থ বরাদ্দ পাওয়া যাবে এবং কাজ শুরু করা যাবে।