চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী সায়েমা খাতুন পলিকে হত্যার দায়ে স্বামী মাসুদ রানা ওরফে মাসুদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মাসুদ জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিত্পুর ইউনিয়নের ভাটাটোলা গ্রামের মৃত বাহার আলীর ছেলে। নিহত পলি পশ্চিম চন্ডিপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের মেয়ে।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ৩০ ডিসেম্বর গভীর রাতে নিজ বসতবাড়িতে স্ত্রী পলিকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে মাসুদ। এ ঘটনায় পলির মা সেতারা বেগম বাদী হয়ে পরদিন ৩১ ডিসেম্বর শিবগঞ্জ থানায় মাসুদকে একমাত্র আসামি করে মামলা করেন। এর পরদিন ২০১৮ সালের ১ জানুয়ারি মাসুদকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।