রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে রামগতিতে ১৩ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন পরিচালিত আদালতে তাদের এ জরিমানা করেন। এ সময় আদালত ছয় জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা এবং সাত জেলের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন। এর আগে বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে বয়ারচরের গাবতলী স্লুইজ খাল এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করেন। এ সময় দুটি নৌকা, ৫০ হাজার মিটার বিভিন্ন ধরনের জাল ও ৬০ কেজি জাটকা জব্দ করা হয়।