বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে স্বাধীনতার মাসে বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের দুই মেয়েকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মৌখাড়া ইসলামিয়া মহিলা অনার্স কলেজ ও মৌখাড়া ইসলামিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় সংবর্ধিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বড়ো মেয়ে মোছা. হাসিনা হক ও মেজো মেয়ে মোছা. সুফিয়া বেগম বক্তব্য রাখেন। এ দুটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ শের আলী শেখের সভাপতিত্বে রবিবার আয়োজিত সভায় অন্যদের মধ্যে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, অধ্যক্ষ লুত্ফর রহমান, প্রধান শিক্ষিকা আফরোজা খাতুন রেখা, মুক্তিযোদ্ধা ও কবি ফরিদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নাতি নাজমুল হোসেন, নাতনি তাহেরা খাতুন ও তার স্বামী নাহিদ হাসান উপস্থিত ছিলেন।