বড়াইগ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, চার পুলিশসহ আহত ১০

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষে চার পুলিশ সদস্য ও গ্রাম পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করা হয়েছে। গতকাল রবিবার উপজেলার জোনাইল ইউনিয়নের ভিটা কাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান খান ও সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনা শারমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ও শিধুলীসহ কয়েকটি গ্রামের প্রায় আড়াই শতাধিক মানুষ পলো নিয়ে ভিটাকাজিপুরের চেচির ধর নামে পরিচিত মত্স্য অভয়াশ্রমে মাছ ধরতে যায়। কিন্তু ভিটাকাজিপুরের বাসিন্দারা তাদের বাধা দেন। এ নিয়ে সংঘর্ষ শুরু হয়। বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) সুমন আলী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে আটক করা হয়েছে।