টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীতে গতকাল বিসিক এলাকার একটি কারখানায় লিফটের তার ছিঁড়ে জুলহাস মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা যায়, টঙ্গীর বিসিকে তাজ ওয়াশিং কারখানার শ্রমিক জুলহাস মিয়া দুপুরে অফিসের কাজে নিচতলা থেকে তৃতীয় তলায় লিফটে যাওয়ার পথে হঠাত্ বিকট শব্দে লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় কারখানার অন্য শ্রমিকরা প্রায় ৪০ মিনিট চেষ্টার পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, জুলহাস মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা থানার শিমুলবাগ গ্রামের রহমত আলীর ছেলে।