নতুন ওয়ানডে অধিনায়ক তামিম

সিলেটে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডের আগের দিন অধিনায়ক হিসেবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাশরাফি বিন মুর্তজা। ফলে নতুন অধিনায়ক খুঁজতেই হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। গতকাল বোর্ড সভার পর তামিম ইকবালকে বাংলাদেশের নতুন অধিনায়ক বলে ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এই মুহূর্তে তামিম ইকবালের কোনো সহকারীর নাম ঘোষণা করা হয়নি। তবে বিসিবি সভাপতি বলেছেন, তারা চান, তামিম লম্বা সময় এই দায়িত্ব পালন করুন।

গতকাল তামিমকে নতুন অধিনায়ক ঘোষণা করে বিসিবি সভাপতি বলেন, ‘আপনারা জানেন যে অধিনায়ক হিসেবে  মাশরাফি অবসর নিয়েছে, সে জায়গায় একজন অধিনায়ক নিয়োগ দিতে হবে। সেক্ষেত্রে আজ আমরা বোর্ডের সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেছি তামিম ইকবালকে অধিনায়ক, ওয়ানডের জন্য।’

বোর্ড সভাপতি বলেছেন, তামিমকে তারা লম্বা সময় এই দায়িত্বে দেখতে চান, ‘একটা চিন্তা ছিল সংক্ষিপ্ত সময়ের জন্য করব, সামনের বছর আবার বদলাব। এখন এটা ভাবনায় নেই। সাধারণত বোর্ড         যেভাবে সিদ্ধান্ত নেয়, সেভাবেই আমরা নিয়েছি—ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কোনো সময় বেঁধে দেওয়া নেই। আমরা চাই, তামিম লম্বা সময় নেতৃত্ব দিক।’ 

তামিম ইকবাল সর্বশেষ জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন মাশরাফির অনুপস্থিতিতে, শ্রীলঙ্কা সফরে। সেই সফরে সবগুলো ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এ ছাড়া লম্বা সময় কখনো অধিনায়কত্ব করেননি তিনি। তার পরও তার ওপর ভরসা রাখতে চায় বোর্ড।

পাপন বলেছেন, তারা তামিমকে অনেক দিন দায়িত্ব পালন করতে দেখতে চান, ‘আমরা কোনো শর্টটার্ম অধিনায়ক করার চিন্তাভাবনায় নেই। আমরা যা করেছি সেটা লম্বা সময়ের চিন্তা করেই করেছি। এখন পর্যন্ত আমরা তামিম ইকবালকে বাছাই করেছি। আমরা চাই, সে লম্বা সময়ের জন্য থাকুক। সামনে কী হবে সেটা তো আর বলা যাচ্ছে না। তারিখ নির্ধারণ করে তো আর বলা যাবে না। তবে আমাদের তরফ থেকে আমরা তাকে লম্বা সময়ের জন্য চাইছি।’