বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রের ওপর হামলা

বরিশাল অফিস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাফসান জানী নামে এক ছাত্রের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহত রাফসান ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী। এই ঘটনায় রাফসান রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ৫ মার্চ রাফসানের ডিপার্টমেন্টের ৮ম সেমিস্টারের ক্লাস শেষ হওয়া উপলক্ষ্যে বরিশাল নগরীর হট প্লেট রেস্টুরেন্টে রাতের খাবারের আয়োজন করা হয়। এতে তাদের ব্যাচের সব শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রাত সোয়া ৯টার দিকে অনুষ্ঠান শেষে তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসে করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন। বাসটি বিশ্ববিদ্যালয়ের সামনে ১০টার দিকে পৌঁছায়। রাফসান বাস থেকে ভিসি ভবনের সামনে নামার সঙ্গে সঙ্গেই অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র হাফিজুল ইসলাম, আব্দুল হাকিম সুমন, হাসিব শেখ সাইমুনসহ আরো কয়েকজন। তারা তাকে কিল ঘুষি মারে এবং একপর্যায়ে হাফিজ ও সুমন তাকে বাঁশ দিয়ে কোমর ও পায়ে আঘাত করে। এরপর রাফসানের সহপাঠিরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে। জানা যায়, আগে থেকেই রাফসানকে মারধরের হুমকি দেওয়া হচ্ছিল। উপাচার্য বরাবর দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা সবাই গণিত বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র মহিউদ্দিন আহমেদ সিফাতের অনুসারী। মহিউদ্দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। তবে মহিউদ্দিন বলেন, এ ধরনের কোনো কিছু তিনি জানেন না। তাছাড়া ছাত্রলীগের কোনো কর্মী ঘটনার সঙ্গে জড়িত নয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। সোমবার বিষয়টি নিয়ে আমরা বসবো।