নওগাঁ প্রতিনিধি ও ধামইরহাট সংবাদদাতা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা স্বাগত জানাই এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বরণ করা হবে। তার নিরাপত্তার জন্য সারাদেশে সশস্ত্র বাহিনীর পাশাপাশি আমাদের বাহিনী সার্বক্ষণিক কাজ করে যাবে। যাতে কোনো রকম অপ্রীতিকর বা অহেতুক ঝামেলা করে নিরাপত্তার বিঘ্ন ঘটিয়ে কোনো কর্মকাণ্ড ঘটাতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
গতকাল রবিবার নওগাঁয় গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ধামইরহাটে থানা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সীমান্তে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার প্রায় কথা হয় সীমান্ত হত্যা বন্ধের জন্য। তবে সীমান্তে গত বছর এবং এই বছর হত্যাকাণ্ড বেড়েছে আমরা এই নিয়ে আলাপ আলোচনা করে আগের মতো জিরো টলারেন্সে নিয়ে যাওয়ার জন্য বিজিবি এবং বিএসএফ কথা হচ্ছে।
এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, ইসরফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আকতার, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া প্রমুখ।
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৫৬ জন চোরকারবারি ও মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও শপথবাক্য পাঠ করানো হয়।