আফগানিস্তানে প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী দ্বন্দ্বে শান্তি আলোচনায় ব্যাঘাত ঘটবে : তালেবান

আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। আজ সোমবার এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ঘানি ও আবদুল্লাহ আবদুল্লাহ। আবদুল্লাহ আবদুল্লাহর মুখপাত্র ফারায়েদুন খাওয়াজুন জানান, দেশি এবং বিদেশি ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সময়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন আশরাফ ঘানি।

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আশরাফ ঘানিকে জয়ী ঘোষণা করা হয়। দীর্ঘ বিলম্বের পর গত মাসে ফলাফল ঘোষণা করা হয়। এরপর আবদুল্লাহ আবদুল্লাহ আলাদা সরকার গঠনের ঘোষণা দেন। তালেবান জানিয়েছে, বর্তমান রাজনৈতিক সংকটে আগামী সপ্তাহে সরকারের সঙ্গে শান্তি আলোচনা নাও হতে পারে। এদিকে গতকাল কাবুলে বন্দুকধারীদের গুলিতে দুই দেহরক্ষীসহ প্রাদেশিক পরিষদের সদস্য নিহত হয়েছেন। —আল জাজিরা