৯৯৯ ফোন করে মেয়ের উত্ত্যক্তকারীকে ধরিয়ে দিলেন বাবা

কাউখালী উপজেলার নিলতী গ্রামে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাসেল হাওলাদার (১৯) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবক রাসেলকে জিজ্ঞাসাবাদ, ঘটনার ভুক্তভোগী ও সাক্ষীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করা হয়েছে। ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশের দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মো. রাসেল হাওলাদার (১৯) উপজেলার কেশরতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

জানাগেছে, উপজেলার দক্ষিণ নিলতী গ্রামের এক স্কুলছাত্রীকে পাশের কেশরতা গ্রামের বখাটে  মো. রাসেল হাওলাদার প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। রবিবার রাসেল ওই স্কুলছাত্রীর বাড়িতে গেলে তার বাবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জরুরি পুলিশি সহায়তা চাইলে তাকে কাউখালী থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেয়া হয়। এসময় এসআই মো. মনিরুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/আরকেজি