নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান-এর প্রচারণায় বাধা ও হামলাসহ তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মেঘনাঘাট প্রতাপেরচর এলাকায় তার বাড়িতে সংবাদ সম্মেলনে মান্নান এ অভিযোগ করেন। সম্মেলনে তিনি ৭ দফা দাবি তুলে ধরেন। সম্মেলনে মান্নান অভিযোগ করেন, ধানের শীষ প্রতীক পাওয়ার পর থেকেই তার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। কয়েক দফায় হামলা করে অর্ধ শতাধিক নেতা-কর্মীকে আহত করা হয়েছে। পাশাপাশি ‘মিথ্যা মামলা’ দিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার ও বাড়ি-ঘরে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। সম্মেলনে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়ন সহ-সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি প্রমুখ।