হুমকিতে জোড়গাছা সড়ক, সেতু ও ফসলি জমি
আমিনুল ইসলাম হিরু, সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
সারিয়াকান্দির বাঙ্গালি নদীর জোড়গাছা ব্রিজের উজান এবং ভাটি থেকে চলছে বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে একটি চক্র ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে নদী থেকে দিনরাত ২০০ থেকে ৩০০ ট্রাক বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এতে ব্রিজ, সংযোগ সড়ক, ভাঙন রোধে এলজিইডির নির্মিত পাইলস ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে। মাঝেমধ্যে বালুর পয়েন্টে অভিযান পরিচালনা করা হলেও এগুলো লোক দেখানো অভিযান বলে স্থানীয়দের অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক জোড়গাছা গ্রামের কয়েকজন কৃষক জানান, যত্রতত্র বালু উত্তোলন করায় আমাদের ফসলি জমি ধসে যাচ্ছে। সরেজমিন দেখা গেছে, বাঙ্গালি নদীর উভয় পাড়ে ১৫/২০টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। তারপর ট্রাকে ভরে ঐ বালু বগুড়াসহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান রুবেলউদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের হাত অনেক লম্বা। মাঝেমধ্যে বালু উত্তোলন বন্ধ করা হলেও রহস্যজনক কারণে আবার বালু তোলা শুরু হয়। ভেলাবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল হান্নান জানান, ইতিপূর্বে কয়েকবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কিন্তু সাইটে গিয়ে কাউকে পাওয়া যায় না। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া বলেন, জোড়গাছা বালুর পয়েন্টে অভিযান চালানো হয়েছে সবচেয়ে বেশি। কয়েকদিন আগেও জেলা প্রশাসকের টিম অভিযান চালিয়েছে। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, অভিযান আগেও চালানো হয়েছে, আবারও চালানো হবে।