মানিকগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী ডাবলুর প্রচারণা শুরু

মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে অবশেষে বিএনপি প্রার্থী আব্দুল হামিদ ডাবলু গতকাল মঙ্গলবার ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করেন। আপিল বিভাগ সোমবার আব্দুল হামিদকে প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দের আদেশ দেন। আব্দুল হামিদ জানান, প্রতীক বরাদ্দ পেয়ে এলাকায় পুরোদমে গণসংযোগ শুরু করা হয়েছে। উল্লেখ্য, বিএনপি জেলা সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সদস্য এসএ জিন্নাহ কবির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ও ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নামেন। আব্দুল হামিদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের আপিল বিভাগ জিন্নাহ কবিরের প্রার্থীতা বাতিল করেন। এ আসনে আওয়ামী লীগের এএম নাঈমুর রহমান দুর্জয় (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহাজ খোরশেদ আলম (হাতপাখা), মুসলিম লীগ ফারুক হোসেন মাসুম (হারিকেন) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। এদিকে এলাকায় সেনা-বিজিবি সদস্য টহল দিতে শুরু করেছেন।