‘না থাকাটা ভুল বোঝাবুঝি’
স্পোর্টস রিপোর্টার
বোর্ড সভাশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, তারা ১৬ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছেন। বিসিবি থেকে ১৬ জনের নামের তালিকাও পাঠানো হয়। কিন্তু সেই তালিকায় ছিল না আগের বছরে দেশের ৩০ ম্যাচের মধ্যে ২৫টিতেই মাঠে নামা সৌম্য সরকারের নাম।
সৌম্য সরকারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে একটু বিষ্মিতই হলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বললেন, সৌম্যর না থাকার কোনো কারণ নেই। কেবল ভুল বোঝাবুঝির কারণে তার নাম তালিকায় ছিল না। তিনি নিশ্চিত করেছেন, কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন সৌম্য।
এ ছাড়া বাকি যারা বাদ পড়েছেন, তাদের ক্ষেত্রে একটা ব্যাখ্যা দিলেন নান্নু। তিনি বললেন, পারফরম্যান্স ও সম্ভাবনা আসলে তাদের এই তালিকা তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। ইমরুল কায়েস ও রুবেল হোসেনের চুক্তি থেকে বাদ পড়া সম্পর্কে নান্নু বলেছেন, ‘ওরা ভালো ক্রিকেটার। কিন্তু ওদের পারফরম করে জাতীয় দলে নিয়মিত হতে হবে। চুক্তিতে না থাকলে জাতীয় দলে খেলতে পারবে না, তা তো নয়। ওরা পারফরম করলে পরের বছর আবার চুক্তিতে চলে আসবে।’
আবু জায়েদ রাহি ও সৈয়দ খালেদ হোসেন পারফরম্যান্স দিয়ে সন্তুষ্ট করতে পারেননি বলে বাদ পড়েছেন। এ ছাড়া সাদমান ইসলাম ইনজুরিতে থাকায় তাকে বিবেচনা করতে পারেননি নির্বাচকরা।