একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় ব্যালট পেপার বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনের ভোট স্থগিত হওয়ায় ৩০ ডিসেম্বর ২৯৯ আসনে ভোট হবে। ছয়টি আসনে ইভিএম এ ভোট হওয়ায় বাকি ২৯৩ আসনে ব্যালট পেপার ব্যবহার করা হবে। গতকাল মঙ্গলবার বেলা ২টা থেকে ঢাকার দুটি সরকারি প্রেস (বিজি ও গভর্নমেন্ট) থেকে এসব ব্যালট পেপার বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও ডিএমপিকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ইভিএমের ছয় আসন ছাড়া বাকি ২৯৩ আসনের ব্যালট পেপার ছাপানো শেষ হয়েছে। ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে আসনভিত্তিক ভোটের ব্যালট পেপার পৌঁছানো হবে। ২৯৩ আসনের মধ্যে যেগুলোর এখনও ঝামেলা রয়েছে (আদালতের নির্দেশনার অপেক্ষা) সেগুলো যখনই ইসির সিদ্ধান্ত পাব তখনই ব্যবস্থা নেওয়া হবে। জরুরি প্রয়োজনে ব্যালট পেপার পৌঁছাতে দুটি হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। ঢাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার মধ্যে এলাকায় এসব সামগ্রী পৌঁছানো হচ্ছে। আগামীকালের মধ্যে ব্যালট বিতরণের সময় বেঁধে দেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের শেষ পর্যায়ের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণও শেষ। ভোটগ্রহণের জন্য সিল-প্যাডসহ নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।