লা লিগা
স্পোর্টস ডেস্ক
রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরে শীর্ষে ওঠার সুযোগ হারাল রিয়াল মাদ্রিদ। আগের দিন বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে জিতে শীর্ষে উঠে গিয়েছিল। ম্যাচটিতে হারের পর কোচ জিনেদিন জিদান একে দেখলেন চলতি মৌসুমে দলের সবচেয়ে বাজে পারফর্ম্যান্স হিসেবেই। আর এর দায়ও মাথা পেতে নিয়েছেন তিনি।
রবিবার রাতে বেতিসের মাঠ বেনিতো ভিয়ামারিনে শুরুতে পিছিয়ে পড়ে রিয়ালই। ৪০ মিনিটে সিডনেইর গোলের জবাবটা রিয়াল দেয় ৪৫ মিনিটে করিম বেনজেমার পেনাল্টিতে। তবে ৮২ মিনিটে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান তেয়োর গোলে শেষ সাত ম্যাচে চতুর্থ হারটি নিশ্চিত হয় রিয়ালের।
তবে সফরকারীরা যেভাবে আক্রমণ হজম করে গেছে পুরো ম্যাচে, তাতে হারের ব্যবধানটা আরো বড়ো হলেও আশ্চর্য হওয়ার কিছু ছিল না। আগের ম্যাচেই বার্সেলোনাকে ২-০ গোলে হারানো দলটার সঙ্গে বেতিসের মুখোমুখি হওয়া রিয়ালকে মনে হচ্ছিল দুই মেরুর দুটি দল।
দলের এমন বাজে পারফর্ম্যান্সের দায় পুরোপুরি নিজের কাঁধে নিয়ে জিদান বললেন, ‘সবকিছুর জন্য নিজেকেই দোষ দিই আমি। এই হারের দায়ও আমারই। কী ঘটেছে তা আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, তবে এটাই চলতি মৌসুমে আমাদের সবচেয়ে বাজে ম্যাচ।’ হারের কারণ হিসেবে সহজেই বল হারানোকে দুষছেন জিদান, ‘আজ আমরা খুব সহজেই অনেকবার বল হারিয়েছি। এখানেই সমস্যাটা সৃষ্টি হয়েছে বলে আমার বিশ্বাস।’
এই হার শিরোপার দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে দিয়েছে রিয়ালকে। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ২ পয়েন্টে পিছিয়ে তাদের পরেই আছে রিয়াল।