গাজীপুর প্রতিনিধি
অস্ত্র মামলার এক আসামি গতকাল গাজীপুর মেট্রোপলিটন আদালত এলাকা থেকে পালিয়েছে। পলাতক শাহিন আলম সবুজ কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার টেকিপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক মো. আতিকুর রহমান জানান, হাজিরা দিতে সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে ২৩ জন এবং গাজীপুর জেলা কারাগার থেকে ২৭ জনসহ মোট ৫০ আসামিকে একটি প্রিজনভ্যানে করে আদালতে নিচ্ছিল পুলিশ। ভ্যান থেকে হাতকড়া পরা অবস্থায় একত্রে সবাইকে নামিয়ে হাজতে নেওয়ার সময় ভিড়ের মধ্যে কৌশলে আসামি সবুজ হাতকড়া খুলে পালিয়ে যায়। হাজতে নেওয়ার পর আসামি গণনাকালে একজন আসামি পাওয়া যায়নি। খোঁজ নিয়ে দেখা যায় আসামিদের মধ্যে সবুজ নেই। এরপর পুলিশ তার সন্ধানে পুরো এলাকায় অভিযান শুরু করে। সোমবার বিকাল পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে গাজীপুর সদর থানায় একটি মামলা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, ঘটনা তদন্তে অ্যাসিস্টেন্ট কমিশনার (প্রসিকিউশন) মো. আহসান হাবীবকে দায়িত্ব দিয়ে এক সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।