রাজশাহীর তিনটি স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা

রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের স্থানীয় তিনটি স্টেডিয়ামে কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়া এ ভাইরাসে নিশ্চিত আক্রান্ত হওয়া রোগীদের ইনফেকশন ডিজিস (আইডি) হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এখন পর্যন্ত এই বিভাগে কোন রোগী না পাওয়া গেলেও, পূর্ব পস্তুতির অংশ হিসেবে প্রাথমিক ভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য সোমবার এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয় জেলা প্রশাসক, সিভিল সার্জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা সাপেক্ষে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হককে সভাপতি ও সিভিল সার্জন ডা. এনামুল হককে সদস্য সচিব করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে ইউএনওদের সমন্বয়ে পৃথক কমিটি করা হয়েছে।

কোয়ারেন্টাইনের স্টেডিয়াম তিনটি হলো- সপুরায় অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়াম, তেরোখাদিয়ায় অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম।

তিনি বলেন, এখন পর্যন্ত রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি। তবে জনস্বার্থে আগাম সতর্কতা হিসেবে আমরা এই পদক্ষেপ গ্রহণ করে রাখছি।  স্টেডিয়াম কোয়ারেন্টাইন সেন্টার করার কারণ প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসা কেন্দ্রে কোয়ারেন্টাইন সেন্টার হলে অহেতুক রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক সৃষ্টি হতে পারে। এছাড়া যদি রোগী পাওয়া যায় তবে তাদের পৃথক ভাবে যত্ন নেয়ায় যাবে। তাই এই ব্যবস্থা।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আইডি হাসপাতালের ৩০টি বেড সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রামেক হাসপাতালের আউটডোরে ক্যাম্প স্থাপন করা হয়েছে। যারা সর্দি-খাশি-জ্বর নিয়ে আসবে, তাদের আলাদা পরিচর্যা করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পৃথক টিম গঠিত হয়েছে। প্রয়োজনীয় গাউন ও মাস্ক রয়েছে। আরো সরবরাহের করতে বলা হয়েছে।

ইত্তেফাক/এমআর