ইতালি থেকে আসা ব্যক্তিদের তাত্ক্ষণিক কোয়ারেন্টাইনে না রাখা দায়িত্বহীনতার পরিচয় --------------মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ইতালি থেকে ফেরত আসা ব্যক্তিদের বিমানবন্দর থেকে তাত্ক্ষণিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা না করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত ইতালি থেকে আসা ঐ দুই জনকে কেন সঙ্গে সঙ্গে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হলো না? বিমানবন্দর থেকে কীভাবে তাদের ছেড়ে দেওয়া হলো? তারা তো গ্রামে ঘুরেছে। সব সতর্কতা অবলম্বনের পরও এই ধরনের ঘটনা কেন ঘটল? এতে আমরা বিস্মিত হয়েছি।’

‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, করোনার বিষয়ে সতর্ক থাকতে হবে, সবার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা সবার অনুসরণ করা উচিত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অর্জন যেন নষ্ট না হয়। মনে রাখতে হবে, আবার যদি অন্ধকার যুগ ফিরে আসে তাহলে আমরা কেউই রেহাই পাব না। ষড়যন্ত্রকারী ফের তত্পর। সুযোগ পেলেই ছোবল মারবে।’ মোহাম্মদ নাসিম বলেন, ‘জি কে শামিমের জামিন করার ব্যাপারে জড়িত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুঃখ লাগে ঐ আইনজীবী আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের সব অর্জন নষ্ট করতে কিছু মানুষ তত্পর। বারবার তারা শেখ হাসিনার অর্জন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের আবেদনকে চিরন্তন আখ্যায়িত করে মোহাম্মদ নাসিম বলেন, এটি যুগ যুগ ধরে দেশের মানুষের পাশাপাশি বিশ্ববাসীকে মুক্তির চেতনায় উজ্জীবিত করবে।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।