অবশেষে লাশ হয়েই ফিরলেন নববধূ সুইটি আক্তার পূর্ণিমা। সোমবার ভোরে তাকে যখন পদ্মা থেকে তোলা হলো তখনো পূর্ণিমার হাতে মেহেদি, গায়ে গহনা, পরনে লাল বেনারসি শাড়ি—সবই ছিল। তবে দেহটা ছিল প্রাণহীন-নিথর। গতকাল সোমবার সকাল ৭টার দিকে নগরীর উপকণ্ঠে কাটাখালির অদূরে সাহাপুর ঘাট থেকে পূর্ণিমার মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা। এর আগে বিগত তিন দিনে আট জনের মরদেহ পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন পূর্ণিমা।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, পূর্ণিমাকে নিয়ে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিহত ৯ জনের লাশ উদ্ধার করা হলো। দুটি নৌকার ৩৮ জন যাত্রীর মধ্যে সোমবার পূর্ণিমার লাশ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ সকলের লাশ পাওয়া গেল। লাশ পাওয়ার পর গতকাল সকালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের তদন্ত কমিটি সূত্রে জানা যায়, অতিরিক্ত যাত্রীর কারণেই পদ্মায় বর-নববধূকে বহন করা ছোট্ট নৌকাটি ডুবে যায়। কমিটির প্রধান রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম বলেন, ছোট্ট ডিঙ্গি নৌকায় যেখানে চার-পাঁচ জন যাত্রী নেওয়া সম্ভব, সেখানে ২০ জনের মতো যাত্রী নেওয়া হয়েছিল।