ভারত হয়ে অন্য দেশ থেকে বিদ্যুত্ আমদানিতে বাধা কাটলো

নেপাল ও ভুটান থেকে বিদ্যুত্ আমদানির পথে আন্তঃদেশীয় সীমান্ত জটিলতা থেকে মুক্ত হলো বাংলাদেশ। ভারতের বিদ্যুত্ আমদানি/রপ্তানি (ক্রস বর্ডার) নির্দেশিকা পরিমার্জনের ফলে এখন প্রতিবেশী দেশটি হয়ে অন্য দেশ থেকে বিদ্যুত্ আমদানি করা যাবে। এর ফলে নেপাল ও ভুটান থেকে সরাসরি বিদ্যুত্ আমদানি করতে পারবে সরকার। এক্ষেত্রে ত্রিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে ভারত বেচাকেনায় অংশগ্রহণ কিংবা অনুমোদন দেবে।

গত ১৮ ডিসেম্বর ভারতের বিদ্যুত্ আমদানি/রপ্তানি (ক্রস বর্ডার) নির্দেশিকার পরিমার্জিত সংস্করণ জারি করা হয়। এর আগের ২০১৬ সালের নির্দেশিকার ৩.১ ধারায় বলা ছিল, ভারত ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে কোনো আন্তঃদেশীয় লেনদেন ভারতীয় সংস্থা বা কোম্পানি এবং সংশ্লিষ্ট দেশের সংস্থা বা কোম্পানির সঙ্গে  দ্বি-পাক্ষিক চুক্তির মাধ্যমে অনুমোদিত হবে। এটি দেশগুলোর মধ্যে সামগ্রিক কাঠামোর অধীনে চুক্তি দ্বারা স্বাক্ষরিত হবে। কিন্তু সম্প্রতি সংশোধিত নির্দেশিকায় বলা হয়েছে- দুটি আলাদা দেশ নিজেদের মধ্যেও বিদ্যুত্ কেনাবেচা করতে পারবে। এতে ভারত ত্রিপাক্ষিক চুক্তি দ্বারা অংশগ্রহণ বা অনুমোদন করবে। নতুন এ নির্দেশিকা অনুমোদিত হওয়ায় বাংলাদেশ ভারত হয়ে প্রতিবেশী দেশগুলো হতে বিদ্যুত্ আমদানি করতে পারবে।

বিদ্যুত্ খাতে পারস্পরিক সহযোগিতার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে গঠিত যৌথ স্টিয়ারিং কমিটির সভায় নেপাল বা ভুটান বা অন্য কোনো প্রতিবেশী দেশ থেকে ভারত হয়ে বিদ্যুত্ আমদানির বিষয়টি বারবার আলোচিত হয়। কয়েক বছর ধরেই সবগুলো পক্ষ এ নিয়ে আলাপ-আলোচনা করছিল।

বাংলাদেশের বিদ্যুত্ বিভাগ জানায়, নেপাল থেকে বিদ্যুত্ আমদানির জন্য নেপাল ও বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এ বিষয়ে সর্বশেষ গত ৩-৪ ডিসেম্বর প্রথম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও জয়েন্ট স্টিয়ারিং কমিটির সভা কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হয়।