তুমি কী সান্তা ক্লসের অস্তিত্বে বিশ্বাস করো

লাল টকটকে তার গাল আর ধবধবে সাদা লম্বা দাঁড়ি। পরনে পা থেকে মাথা পর্যন্ত লাল রঙের পোশাক। বিশাল বপুজুড়ে কালো রঙের বেল্ট। ক্রিসমাসের মৌসুম এলেই পশ্চিমা বিশ্বে সান্তা ক্লসের এমন প্রতিকৃতি দেখা যায় প্রায় সবখানে। পশ্চিমা লোক-কাহিনীতে ক্রিসমাসে সান্তা ক্লস সবার জন্য উপহার নিয়ে আসেন। বড়দিনে ছোটদের কাছে এই চরিত্র অনেক জনপ্রিয়। কিন্তু এই বড়দিনে শিশুদের সাথে কথা বলার সময় সান্তা ক্লসের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এক টুইটার বার্তায় তিনি হোয়াইট হাউসে নিজেকে ‘নি:সঙ্গ’ বলেও দাবি করেছেন।

ঘটনাটি ঘটে হোয়াইট হাউসের ডাইনিং রুমে। বড়দিন উপলক্ষে সোমবার ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প টেলিফোনে আমেরিকান শিশুদের সঙ্গে কথা বলেছিলেন। সেই আয়োজনে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন রিপোর্টার কেভিন দিয়াজ। দিয়াজের ধারণ করা সেই টেলিফোন কথোপকথনের কিছু অংশে ট্রাম্পের কথা ছিল এমন : ‘হ্যালো, কোলম্যান বলছো? মেরি খ্রিস্টমাস। কেমন আছো? তোমার বয়স কত? স্কুলে কেমন করছো? তুমি কি এখনো সান্তা সত্যি আছে বলে বিশ্বাস করো? কোলম্যান কী ধরনের প্রতিক্রিয়া দিয়েছে সেই বিষয়টা স্পষ্ট নয়। আর ট্রাম্পই বা কেন এমন প্রশ্ন করলেন তাও স্পষ্ট নয়। অন্যদিকে আরেক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে একেবারেই একা (দুর্ভাগা) হয়ে খুবই প্রয়োজনীয় সীমান্ত সুরক্ষার ব্যাপারে চুক্তি করতে ডেমোক্র্যাটদের ফিরে আসার অপেক্ষায় বসে আছি। -বিবিসি ও রয়টার্স