ভোটে মোটরসাইকেল ব্যবহারে সাংবাদিকদের দাবি বিবেচনার আশ্বাস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতির বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।

গতকাল মঙ্গলবার নির্বাচন ভবন মিলনায়তনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন কথা বলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

এর আগে সাংবাদিকরা নির্বাচন কমিশন সচিবের কাছে পূর্বের নির্বাচনের ন্যায় নির্বিঘ্নে রাজধানীসহ সারাদেশে ইসির স্টিকার লাগানো মোটরসাইকেল ব্যবহারের অনুমতি প্রদানের দাবি জানান।

আরো পড়তে পারেন: সংসদ নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে ইসির নিষেধাজ্ঞা

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ২৮ ডিসেম্বর থেকে চার দিন মোটরসাইকেল ব্যবহারে শিথিলতার কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে ইসি সচিব জানান, জাতীয় সংসদ নির্বাচনে নিরবচ্ছিন্নভাবে সংবাদ সংগ্রহ করতে জেলা পর্যায়ে ও প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। এজন্য সাংবাদিকদের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি নিতে হবে।

ইত্তেফাক/মোস্তাফিজ