গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেতে ওঠেন দোল উত্সব উদযাপনে। দুপুর থেকে শুরু হওয়া এই উত্সবে হঠাত্ করে উপস্থিত হন ফরাসি গায়ক মানু চাও। সেখানে গান গেয়ে আড্ডায় বসে যান মানু। উপস্থিত সবাই চারুকলা প্রাঙ্গণে তার গান উপভোগ করেন। প্যারিসের পথঘাট, স্টেশন আর মেট্রোতে গান করতেন তিনি। বিভিন্ন ভাষা ও সুরের গান দিয়ে মাতিয়ে জনপ্রিয় হন এই গায়ক। বিশ্বের বহু দেশ মাতিয়ে এবার বাংলাদেশে এসেছেন তিনি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে রয়েছে মানু চাওয়ের একক কনসার্ট। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার আয়োজনে এ কনসার্টে সহযোগিতা করছে বাংলাদেশের ফরাসি দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ছবি তুলেছেন মোস্তাফিজ মিঠু