বগুড়ার আদমদীঘির কদমা-সান্তাহার সড়কে রক্তদহ খালের ওপর নির্মিত বেইলি ব্রিজটি দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও মানুষ। যে কোনো সময় নড়বড়ে সেতুর পাটাতন ভেঙে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটা বিচিত্র নয়। ঐ খালের ওপর ৬০ মিটার বেইলি ব্রিজ বগুড়া সড়ক ও জনপথ বিভাগ নির্মাণ করে। ২০০৬ সালে চলাচলের জন্য উন্মুক্ত করা হলে শহর-বন্দরের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়। গত ১৪ বছরে স্টিলের পাতে তৈরি ব্রিজটি সংস্কার করা হয়নি। সেতুর পাটাতনে মরিচা ধরে খণ্ড খণ্ড অংশ ভেঙে খসে পড়ছে। এছাড়া নির্জন স্থানে ব্রিজের অবস্থান হওয়ায় এর রেলিংয়ের অ্যাঙ্গেল ও নাট-বল্টু চুরি হয়ে যাচ্ছে। এতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে ব্রিজ। কদমা-সান্তাহার সড়ক এ অঞ্চলের মানুষের শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায়। তাই মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে ঐ সেতুর ওপর দিয়ে চলাচল করছে। পরিশেষে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া