গত ৫ মার্চ সীমান্ত এক্সপ্রেস ট্রেনে যশোর রেলস্টেশন থেকে পার্বতীপুর যাচ্ছিলাম। ট্রেনের ঞ বগির ২৬ নম্বর আসনে বসার সঙ্গে সঙ্গে দেখলাম অনেক পোকা ট্রেনের বডি ও জানালার ফাক-ফোঁকর দিয়ে বের হচ্ছে ও ঢুকছে। প্রথমে অনেক যাত্রী এটা লক্ষ করেনি, পরে অনেকে চেঁচিয়ে উঠলো ‘পোকা-পোকা’ বলে। আমি দেখলাম পোকাগুলো একজন লোকের মাথার আশেপাশে, সিটের ওপর দিয়ে ঘোরাফেরা করছে। আমার পাশ দিয়ে হাঁটছে, খুবই বিরক্তিকর লাগছিল। কিন্তু কিছু করার নেই, মনে হচ্ছিল কখন যে নামব! মনে হলো বাসার পোকার স্প্রেটি যদি দিতে পারতাম। কিন্তু কেন, ট্রেনের কত অফিসার—তাঁরা কি এসব দেখেন না বা জানেন না? সবকিছু কি উপর মহলকে দেখতে হবে! তিন দিন পর আবার ট্রেনে একই সীমান্ত ট্রেনে স্ত্রী ও মেয়েসহ ফিরব। ভাবছি তারা এই বিরক্তি কিভাবে মেনে নেবে? আশা করি রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন।
রাজেন রায়, দিনাজপুর