অ্যান্ডি ফ্লাওয়ারের দুই চাকরি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচের দায়িত্ব পাওয়ার দুই দিনের মাথায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল সেন্ট লুসিয়া জুকসের প্রধান কোচ হলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। পাঞ্জাব ও সেন্ট লুসিয়ার ফ্র্যাঞ্চাইজির মালিকানা মূলত একই প্রতিষ্ঠানের। গত মাসে জুকস তার মালিকানা বিক্রি করেছে পাঞ্জাবের মালিক কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডের কাছে। তাই একই মালিকানার দল হওয়ায় আইপিএলের সঙ্গে সিপিএলের দায়িত্বও পালন করার সুযোগ পেলেন ইংল্যান্ডের সাবেক কোচ ফ্লাওয়ার। পাঞ্জাবের পর সেন্ট লুসিয়ার দায়িত্ব পেয়ে ফ্লাওয়ার বলেন, ‘এই দলের কোচ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ভক্ত এবং এই দলের কোচ হিসেবে সেন্ট লুসিয়ার ভক্তদের উচ্ছ্বাসে ভাসাতে পারলে আরো ভালো লাগবে।’