এএফসি কাপ ফুটবলে খেলবে বলে বসুন্ধরা কিংস অর্থ ভাণ্ডার খুলে দিয়ে বড়ো দল গড়েছে এবার। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার অনেক দূরে যাওয়ার স্বপ্ন নিয়ে বিদেশি ফুটবলারদের তালিকাটাও সমৃৃদ্ধ করে। আর্জেন্টিনার ফুটবলারকে চড়া পারিশ্রমিক দিয়ে এনেছে। আজ বসুন্ধরা কিংসের সেই মাহেন্দ্রক্ষণ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে টিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে বিকাল সাড়ে ৩টায় খেলা শুরু হবে।
এএফসি কাপ ফুটবলে বসুন্ধরা কিংসের অভিষেক হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে। এশিয়ান ফুটবলে প্রবেশ করছে। এর আগে মোহামেডান, আবাহনী, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, শেখ রাসেল, শেখ জামালও এই স্তরের টুর্নামেন্ট খেলেছে।
প্রিমিয়ার লিগে খেললেও বসুন্ধরার জন্য এএফসি কাপ নতুন অভিজ্ঞতা। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন রোমাঞ্চিত। তার খেলোয়াড়রাও দারুণ উদগ্রীব। তাই হয়তো রাখঢাক না করে অস্কার ব্রুজন বললেন, ‘আমরা বদ্ধপরিকর এবং আত্মবিশ্বাসী। তবে ফুটবল এমন খেলা আগে থেকে কিছু বোঝা যায় না।’ কোচের কথায় বোঝা যায় ঘরের মাঠে প্রথম ম্যাচটা জয় নিয়ে রাঙিয়ে দিতে চান তিনি। জানা গেছে অনুশীলন মাঠেই খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে ম্যাচের স্কোর লাইনটা কত হতে হবে। সেটা মাথায় নিয়েই অনুশীলনে নামতেন খেলোয়াড়রা।
মোহামেডানের বিপক্ষে হারে ধাক্কা খেয়েছে বসুন্ধরা। এটা নিয়ে গত কয়েক দিন প্রচুর কাজ করেছেন কোচ। তাদের দলে ফিনিশিংয়ের ঘাটতি রয়েছে। সেটি মেরামত করে নতুন উদ্যমে মাঠে নামার ছকটা চূড়ান্ত। দলের মধ্যে ইনজুরিতে ফাহাদ, জনি, ইমন, মতিন, সুশান্ত। তারপরও জাতীয় দলের পাঁচ জন মাঠে থাকবেন। বসুন্ধরার সবচেয়ে বড়ো সুবিধা রিজার্ভ বেঞ্চ। বিদেশি ফুটবলাররাও কোচের আস্থা পেয়েছেন।
অস্কার ব্রুজন বললেন, ‘আমি দেশি ফুটবলারদের খাটো করব না। তবে এটা বলতে চাই আক্রমণভাগে বারকোসের শক্তিটা দারুণ কাজে লাগবে।’ বারকোস না কলিন্দ্রেস, কাকে এগিয়ে রাখবেন অস্কার। জবাবে বললেন, ‘কলিন্দ্রেস এই মাঠের চেনা ফুটবলার। বারকোস মাত্র নামবেন। বারকোসকে কড়া মার্কিংয়ে থাকলে মতিন সুুযোগ নিতে পারতেন। মতিন গত মৌসুমে ১৩ গোল করেছেন। আফসোস ইনজুরিতে মতিনকে পাচ্ছি না।’
২০১৭ সালে শেখ কামাল গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন টিসি স্পোর্টস ২০১৮ সালের লিগ চ্যাম্পিয়ন হয়ে এবার এএফসি কাপে খেলছে। দলে এ বছরই যোগ দিয়েছেন মালদ্বীপের ফুটবল তারকা আলী আশফাক। বয়স ৩৮। পড়ন্ত সূর্য। তাকে নিয়ে বসুন্ধরা ভাবছে না। সংবাদ সম্মেলনে উপস্থিত বসুন্ধরার ডিফেন্ডার তপু বর্মন বললেন, ‘আলী আশফাক কিছুই করতে পারবে না।’
টিসি স্পোর্টস বারকোস সম্পর্কে সবকিছু জেনেও দলের কোচ মোহাম্মদ সাজলী জানিয়েছেন তারা ম্যাচ জিততেই এসেছেন। বললেন, ‘আমরা কঠিন ম্যাচ খেলতে এসেছি। আমাদের সমান সুযোগ আছে ম্যাচ জেতার। বসুন্ধরা শক্তিশালী, তাদের বিদেশি শক্তি ভালো।’
মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাব ঢাকায় খেলে গেছে। সেই দলের কোচ ছিলেন বসুন্ধরার অস্কার ব্রুজন। তার জন্য ঢাকার মাঠে এএফসি কাপের দ্বিতীয় আসর এটি। সেবার স্মরণীয় না হলেও এবার স্মরণীয় করে রাখতে ব্রুজন জানিয়ে গেলেন এবার অনেক দূর যেতে চান তারা।
এএফসি কাপের ই গ্রুপে বসুন্ধরা, টিসি স্পোর্টস ছাড়াও মালদ্বীপের দ্বিতীয় দল মাজিয়া স্পোর্টস রিক্রিয়েশন, ভারতের চেন্নাই সিটি এফসি খেলছে। একটা দল দ্বিতীয় রাউন্ডে যাবে। সেই দাবিদার বসুন্ধরা কিংস।