বৈশ্বিক শেয়ারবাজারেও কিছুটা উন্নতি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব চলছে। সোমবার পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। একই সঙ্গে গেল তিন দশকের মধ্যে সবচেয়ে তলানিতে পৌঁছেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আর এই দুই প্রভাবে এশিয়ার শীর্ষ ধনী রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ একদিনে কমে গেছে ৫৮০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্সে তাকে টপকে শীর্ষ স্থান ফিরে পেয়েছেন ইকমার্স জায়ান্ট ‘আলিবাবা’ গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণে জ্যাক মার চেয়ে ২৬০ কোটি ডলার কমে গেছে। গত তিন দশকের মধ্যে তেলের দর সর্বনিম্ন হওয়ায় আর্থিক মন্দা ঘণীভূত হয়েছে। তবে সোমবার বৈশ্বিক পুঁজিবাজারে ভয়াবহ পতন হলেও গতকাল মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সোমবার ৭ দশমিক ৭ শতাংশ দর হারালেও গতকাল লন্ডনের শেয়ারবাজার ৩ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে। ফ্রান্স ও জার্মানির শেয়ারবাজারে দর বেড়েছে ২ শতাংশের মতো। তবে তেলের দর ৩০ শতাংশ হারালেও মঙ্গলবার মাত্র ৮ শতাংশ বাড়তে দেখা যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের দর এ অবস্থায় থাকলে মার্কিন তেল উত্তোলনকারী অর্ধেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যেতে পারে। রাশিয়াকে শায়েস্তা করতে সৌদিআবর তেল উত্তোলন বাড়ানোর ঘোষণায় সোমবার ৩০ ডলারে নেমে আসে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দর। তবে গতকাল ৩২ ডলারের কিছুটা ওপরে উঠতে দেখা যায় তেলের দাম। বিবিসির সংবাদ অনুযায়ী সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, তিনি করোনা ভাইরাসের প্রভাবের বিরুদ্ধে মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে ‘বড়ো’ পদক্ষেপ নেবেন। বিশ্লেষকরা বলেছেন, এটি বাজারে উঠতে সহায়তা করেছে। মঙ্গলবার ওয়াল স্ট্রিট এসএনপি ৫০০ সূচক ৩ শতাংশ বেড়েছে। বড়ো পতনের পর জাপানের প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে শেয়ারবাজার উত্থানে কাজ করার ঘোষণা দেওয়ায় পর নিক্কি সূচক বেড়েছে ৩ শতাংশের বেশি। হংকং এর বাজারে ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে সোমবার বিশ্বব্যাপী যে পতন হয়েছে তার অল্পই ফিরে পেয়েছে পুঁজিবাজার।