বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অংশগ্রহণ মহড়া অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো, নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সম্মিলিত মহড়া ‘থান্ডার ফিস্ট’। ২৪ দিনব্যাপী এ মহড়ায় সন্ত্রাসবাদ দমনে হোস্টেজ রেসকিউ অপারেশন, সন্দেহজনক জাহাজে সার্চ ও সিজার অপারেশান, ইওডি ও ডেমোলিশান বিষয়ক প্রশিক্ষণ, অত্যাধুনিক অস্ত্র প্রশিক্ষণ এবং কমব্যাট মেডিক্যাল বিষয়ে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল।

মহড়ার সমাপনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস ঘাঁটি বানৌজা নির্ভীকে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল উপস্থিত ছিলেন। এছাড়া মহড়ায় অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সেনা ও নৌবাহিনীর বিশেষায়িত ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা এ ধরনের মহড়া সম্মিলিত সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।