আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। তালেবানের সঙ্গে শান্তি চুক্তি অনুযায়ী সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে বলে সোমবার জানিয়েছেন আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র। এদিকে তালেবানের সঙ্গে শান্তি চুক্তিতে জাতিসংঘের অনুমোদন চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। খবর আল-জাজিরা’র
শান্তি চুক্তির পরও কাবুলে সহিংসতা এবং রাজনৈতিক সংকট অব্যাহত থাকার মধ্যেই যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার শুরু করেছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল সোনি লেগেত এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র এবং ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের যৌথ ঘোষণা ও যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তি অনুসারে, ১৩৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ৮ হাজার ৬০০ সৈন্য প্রত্যাহার করবে। শর্ত সাপেক্ষে সেই সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। তবে কী পরিমাণ সৈন্য প্রত্যাহার করা হচ্ছে সেই বিষয়ে তিনি কিছু বলেননি।
জাতিসংঘের অনুমোদন চায় ওয়াশিংটন
তালেবানের সঙ্গে শান্তি চুক্তিতে জাতিসংঘের অনুমোদন চায় ওয়াশিংটন। এজন্য দেশটি স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট চাইছে। কাবুলে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং তার বিরোধী তথা প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া দেশটিতে বিভিন্ন স্থানে হামলা অব্যাহত আছে।