বিজ্ঞান
সোনিয়া ফেরদৌসী, সহকারী শিক্ষক
হলি ফ্লাওয়ার স্কুল, ঢাকা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। তোমাদের জন্য পঞ্চম শ্রেণির প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, মিলকরণ ও কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর ধারাবাহিক আলোচনা করা হবে। বন্ধুরা, পঞ্চম শ্রেণিতে ভালো ফলাফলের জন্য প্রথমে তোমাদেরকে বই ভালোভাবে পড়তে হবে।
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখার জন্য মনে রাখবে, যেহেতু প্রতিটি প্রশ্নের নম্বর ২ তাই উত্তরও ২ নম্বর উপযোগী হতে হবে অর্থাত্ অন্তত ২টি বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কখনো কখনো তা এক বাক্যেও হতে পারে। শূন্যস্থান ও মিলকরণের জন্য বইয়ের কোনো বিকল্প নেই। আর কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরের জন্য, প্রশ্নের বিভিন্ন অংশের জন্য নির্ধারিত নম্বর অনুযায়ী উত্তর লেখার চেষ্টা করবে।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। পরাগায়ন কী?
উ: বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তরকে পরাগায়ন বলে। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।
২। বাস্তুসংস্থান বলতে কী বোঝ?
উ: কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াই হলো বাস্তুসংস্থান। বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভূক্ত।
৩। পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ লেখ।
উ: পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ হলো:
(ক) সকল প্রাণী শ্বাসগ্রহণের জন্য বায়ুর উপর নির্ভরশীল।
(খ) উদ্ভিদ খাদ্য তৈরির জন্য সূর্যের আলোর উপর নির্ভরশীল।