বগুড়ায় ইতালি ও চীন ফেরত ৫ জনকে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় হোম কোয়ারেন্টাইনে (পৃথক রাখা) রেখেছে স্বাস্থ্য বিভাগ। এই ৫ জনের মধ্যে নারীসহ ৩ জন বগুড়া সদর উপজেলার আর ২ জন সোনাতলা উপজেলার বাসিন্দা।
বগুড়া স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তারা সুস্থ থাকলেও অধিক সতর্কতার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (১১মার্চ) দুপুর থেকে স্বাস্থ্য বিভাগ এই ব্যবস্থা গ্রহণ করেছে।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সামির হোসেন মিশু সদর উপজেলায় ৩ জনের এবং বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন সোনাতলা উপজেলায় ২ জনের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান জানান, সোনাতলায় যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা ইতালি ফেরত। তারা দুই সপ্তাহ আগে দেশে আসেন এবং তারা সুস্থ আছেন। তারপরও যেন কোনো সংক্রমণের ঘটনা না ঘটে এ কারণে অধিকতর সতর্কতা হিসেবে তাদের নজরদারির মধ্যে রাখাসহ বাইরে চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে ।
আরো পড়ুন: করোনা সন্দেহে বিদেশ ফেরত যুবককে নেওয়া হলো ঢাকায়
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানান, ইতালি ফেরত একজন পুরুষ এবং চীন ফেরত এক দম্পতিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিদেশ ফেরত এই ব্যক্তিদের নিয়ে স্থানীয় লোকজনের মাঝে শঙ্কা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার স্বাস্থ্য বিভাগ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। বিধি মোতাবেক তাদের দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।
বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিদেশ ফেরত ব্যক্তিরা সুস্থ আছেন। তাদের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর কোনো সম্ভাবনা নেই।’ কিন্তু অধিকতর সতর্কতা এবং জনমনের শঙ্কা দূর করতেই তারা এখন স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রয়েছেন বলে জানান।
ইত্তেফাক/এএএম