করোনা প্রতিরোধে বিভিন্ন স্থানে প্রস্তুতি

লিফলেট বিতরণসহ সচেতনতামূলক প্রচারণা

ইত্তেফাক ডেস্ক

নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন স্থানে গণসচেতনতামূলক মতবিনিময় সভা, বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিরতণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনা প্রতিরোধ কমিটি গঠনসহ প্রস্তুত রাখা হয়েছে কোয়ারেন্টাইন কেন্দ্র। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

কক্সবাজার :জেলা সদর ও রামুতে পৃথকভাবে ১০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। বিলাসবহুল বাসগুলোর যাত্রীদেরও চেকআপের আওতায় আনতে প্রয়োজনে মেডিকেল টিম বাড়ানোর প্রস্তুতি নেয়া রয়েছে বলেও উল্লেখ করেন ডিসি।

নেত্রকোনা:সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান বলেন, নেত্রকোনা আধুনিক হাসপাতালে ইতিমধ্যে করোনা রোগীদের কোয়ারেন্টামে রাখার জন্য ব্যবস্থা নেওয়া ছাড়াও চিকিত্সকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একটি কমিটিও গঠন করা হয়েছে।

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে বুধবার সচেতনতা তৈরিতে সেমিনার হয়। অণুজীববিজ্ঞান বিভাগ আয়োজিত সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি ছিলেন।

শরণখোলা (বাগেরহাট): করোনা আক্রান্ত রোগীকে নিবীড় পর্যবেক্ষণে রাখার জন্য উপজেলার রাজৈর গ্রামের বলেশ্বর নদীর তীরবর্তী সাইক্লোন শেল্টারটি কোয়ারেন্টাইন ও চিকিত্সা কেন্দ্র ঘোষণা করে সেটি প্রস্তুত রাখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।

মধুখালী (ফরিদপুর): মধুখালী পৌরসভা মসজিদের ৪০ জন ঈমাম নিয়ে গণসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করে। মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমনের সভাপতিত্বে গণসচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মির্জা আব্বাস, কমিশনার আনিচুর রহমান লিটন প্রমুখ।

কালীগঞ্জ (লালমনিরহাট): কালীগঞ্জে করোনা ভাইরাস বিষয় ও হাম রুবেলা ক্যাম্পিং অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. জিয়াউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা পরিষদ সভাকক্ষে ‘নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভুঁইয়া বকুল প্রমুখ।