সৈয়দপুরে সেবা দেওয়ার পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম নেই

বিমানবন্দরেও নেই প্রতিরোধ ব্যবস্থা

মো. আমিরুজ্জামান, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

‘নভেল করোনা ভাইরাস’ প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি এখনো গ্রহণ করা হয়নি নীলফামারীর সৈয়দপুরে। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে গত ৪ মার্চ বিকালে জরুরি বৈঠকের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গত ২৯ জানুয়ারি আইসোলেশন ইউনিট গঠন ও করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তিদের তাত্ক্ষণিক চিকিত্সা নিশ্চিত করতে মেডিসিন কনসালটেন্ট ডা. মনিরুজ্জামানকে প্রধান করে গত ২৬ ফেব্রুয়ারি ৮ সদস্য বিশিষ্ট কভিড-১৯ ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হচ্ছে যদি করোনা আক্রান্ত পাওয়া যায় তাহলে তাত্ক্ষণিক তার চিকিত্সা নিশ্চিত করা। সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফুল হক এসব তথ্য জানান।

তিনি আরো জানান, করোনা প্রতিরোধে হাসপাতালের চিকিত্সক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতালে করোনা ভাইরাস কর্নার গঠন করা ও বর্তমানে হাসপাতালের নতুন বিল্ডিংয়ের নিচ তলায় সাত শয্যাবিশিষ্ট করোনা ইউনিট থাকলেও প্রয়োজনে তা আরো বাড়ানো হবে। তবে হাসপাতালে মাস্ক, গাউন ও অন্যান্য সামগ্রীর সংকট রয়েছে। তবে করোনা প্রতিরোধে ৪ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত এই সৈয়দপুরে এসব প্রস্তুতি খুবই অপ্রতুল বলে জানান তিনি।

এদিকে ‘নভেল করোনা ভাইরাস’ শনাক্তের জন্য এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ। রংপুর বিভাগের একমাত্র ব্যস্ততম সৈয়দপুর বিমানবন্দরে স্থাপন করা হয়নি কোনো বুথ। অথচ ঐ বিমানবন্দর ব্যবহার করছেন দেশি-বিদেশি ১ হাজার ৫০০ র বেশি যাত্রী। এখানে প্রতিদিন ১১টি উড়োজাহাজ ওঠানামা করে। বিপুলসংখ্যক বিদেশি যাত্রীও ব্যবহার করে থাকেন সৈয়দপুরের আকাশ পথ।  সৈয়দপুর বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, যেহেতু সৈয়দপুর বিমানবন্দর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে। যারা ঢাকা থেকে আসছেন তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পর্যবেক্ষণ প্রক্রিয়া সেরেই আসছেন এবং যারা এখান থেকে যাচ্ছেন তাদেরও সেখানে পরীক্ষা করা হচ্ছে। তাছাড়া আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলেই তা আজকালের মধ্যে হতে পারে বলে জানান তিনি।