ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে বুধবার কামারখন্দে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ের ওপর ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়। কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আহসান আলীর নেতৃত্বে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহড়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
দুর্নীতির বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠির ফজিলা রহমান মহিলা কলেজে বুধবার ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন বরিশালের সার্বিক সহযোগিতায় ফজিলা রহমান মহিলা কলেজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। সভাপতিত্ব করেন অধ্যক্ষ এস এম জাহিদুল ইসলাম। বিতর্কে পক্ষ দল বিজয়ী হয় এবং বিজয়ী দলের লামিয়া আক্তার লিজা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
নাঙ্গলকোটে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলে বুধবার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়। স্কুল শিক্ষক ও পরিচালক আফজাল হোসাইন মিয়াজীর পরিচালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন। বিদ্যালয় সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি আব্দুর রশিদ মজুমদার, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ প্রভাষক ফিরোজ আসাদুল হক প্রমুখ।
পিরোজপুরে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
পিরোজপুর অফিস পিরোজপুর সদর উপজেলায় কৃষি ও প্রযুক্তি মেলা ২০২০ শুরু হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষক শোভাযাত্রা ও আলোচনা সভার পর তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপপরিচালক (কৃষি সম্প্রসারণ) কৃষিবিদ আবু হেনা মোহাম্মদ জাফর ও সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিপন চন্দ্র ঘোষ। গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।
ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা
নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলা ডায়াবেটিক সমিতির দাতা ও আজীবন সদস্যদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নরসিংদী ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে এ সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদরের এমপি ও নরসিংদী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতীক)।
বৈচিত্র্যময় মসলা ফসলের মাঠ দিবস
তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে খড়াপ্রবণ ও পানি সংকটাপন্ন বরেন্দ্র অঞ্চলের জন্য কম পানি নির্ভর ও পানি সাশ্রয়ী বৈচিত্র্যময় মসলা ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বুধবার উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং বরেন্দ্র বীজ ব্যাংকের যৌথ আয়োজনে উপজেলার দুবইল গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত কৃষক ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর।
নিরাপদ মাতৃত্ব বিষয়ে অবহিতকরণ কর্মশালা
সুনামগঞ্জ প্রতিনিধি কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব বিষয়ে জেলাপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ কর্মশালা হয়েছে। বুধবার ঢাকা আই ই এম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে জেলা ইপিআই ভবনে এই অবহিতকরণ কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ কুতুবউদ্দিন।
উগ্রবাদ প্রতিরোধে সেমিনার
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে বুধবার ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেমিনারের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান প্রমুখ।
হাম-রুবেলা প্রতিরোধে প্রেস কনফারেন্স
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে বুধবার হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০ সংক্রান্ত প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, ডা. হবিব প্রমুখ।
পুষ্টি সমন্বয় কমিটির সভা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জগন্নাথপুরে বুধবার পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ইউএনও মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পুষ্টি সেবার প্রোগ্রাম ম্যানেজার বিভাস চন্দ্র মানী, জাতীয় পুষ্টি পরিষদের উপপরিচালক ডা. নাজমুস সালেহীন প্রমুখ।
গ্রাম থিয়েটারের লোকনাট্য উত্সব স্থগিত
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা করোনা ভাইরাসের কারণে পুঠিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ১৬তম বাংলা লোকনাট্য উত্সব-২০২০ স্থগিত করা হয়েছে। বুধবার পুঠিয়া থিয়েটারের আয়োজনে পুঠিয়া রাজবাড়ী চত্বরে গণমাধ্যম কর্মীদের বিষয়টি অবহিত করেন উত্সবের প্রধান সমন্বয়কারী কাজী সাঈদ হোসেন দুলাল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার কামাল প্রমুখ। উল্লেখ্য ১২, ১৩ ও ১৪ মার্চ তিন দিনব্যাপী বাংলাদেশ গ্রাম থিয়েটার ১৬তম বাংলা লোকনাট্য উত্সব-২০২০ উদ্যাপনের কথা ছিল।
নারী সমবায় সমিতির মতবিনিময় সভা
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় নিবন্ধিত নারী সমবায় সমিতির সদস্যদের নিয়ে বার্ষিক কর্মপরিকল্পনার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় অধিদপ্তরের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার গোলাম কবির শরীফ।