টটেনহ্যামের বিদায়

স্পোর্টস ডেস্ক

ইনজুরিতে পর্যুদস্ত টটেনহ্যামের পক্ষে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন কঠিন হবে। গত মঙ্গলবার রাতে লিপজিগের মাঠে ৩-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর এই অভিমত জানান ইংলিশ প্রিমিয়ার লিগটির ক্লাব টটেনহ্যামের কোচ হোসে মরিনহো।

চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমের রানার্স আপ টটেনহ্যাম এবার ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়কে ছাড়াই খেলতে বাধ্য হচ্ছে। দলটি যে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব থেকে দুই লেগে ৪-০ তে হেরে বিদায় নিল তার পেছনেও অন্যতম কারণ এটি। টটেনহ্যাম বর্তমানে প্রিমিয়ার লিগেও সুবিধা করতে পারছে না। ৪১ পয়েন্ট নিয়ে দলটি এখন লিগে অষ্টম স্থানে আছে। চতুর্থ স্থানে থাকা চেলসির চাইতে দলটি এখন সাত পয়েন্ট পেছনে। ইংলিশ প্রিমিয়ারের শীর্ষ চার ক্লাবই কেবল চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ পায়। মরিনহো এ ব্যাপারে বলেন, ‘এ মুহূর্তে আমাদের হাতে যে খেলোয়াড়রা আছে তাদের দিয়ে এটা কঠিন হবে। এই সমস্যাগুলো আগামীকালই উধাও হয়ে যাবে না। তবে আমাদের হাতে খেলার মতো, লড়াই চালানোর মতো খেলা আছে।’ পর্তুগিজ এই কোচ আরো বলেন, ‘প্রিমিয়ার লিগে আমাদের খেলাগুলোয় আপনারা দেখবেন, আমরা শেষ পর্যন্ত লড়াই চালাই। খেলোয়াড়দের তাই আমাদের যাবতীয় সীমাবদ্ধতার মধ্যেও খুবই শক্তিশালী থাকতে হবে।’ টটেনহ্যাম অধিনায়ক হ্যারি কেইন বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার পথে। তার সতীর্থ ফরোয়ার্ড সন হিউং-মিন হাত ভেঙে মাঠছাড়া। গোড়ালির ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হবে উইঙ্গার স্টিভেন বার্জউইনকে।