কোয়ারেন্টাইনে আর্সেনাল খেলোয়াড়

ইংলিশ লিগের

ম্যাচ

বাতিল

 স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় আর্সেনালের এক খেলোয়াড়কে নিজের বাসাতেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তার সঙ্গে আছেন চার কোচিং স্টাফও। আর এই ঘটনার জের ধরে গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপে এবারই প্রথমবারের ম্যাচ স্থগিত হলো ইংলিশ লিগে।

গ্রিসে ক্লাব অলিম্পিয়াকোসের মালিক ইভাঞ্জেলোস ম্যারিনাকিসের সংস্পর্শে গিয়েছিলেন ঐ খেলোয়াড় আর চার কোচিং স্টাফ। সেই ইভাঞ্জেলোস এক বিবৃতিতে জানিয়েছেন যে, তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাই বাধ্য হয়েই আর্সেনালের ঐ পাঁচজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আর্সেনাল ক্লাব কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা এই ব্যাপারে সরকারের নির্দেশনা শতভাগ অনুসরণ করছি। যেখানে বলা হয়েছে, কেউ যদি ভাইরাস আক্রান্ত কারো সঙ্গে ঘনিষ্ঠভাবে সংস্পর্শে আসে, তাহলে এর পর কমপক্ষে ১৪ দিনের জন্য তাকে নিজ উদ্যোগে বাসায় বদ্ধ জীবনযাপন করতে হবে। করোনা ভাইরাসের ভীতি ছড়িয়ে পড়ার পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার জন্য বুধবার সব খেলোয়াড়কে পাওয়া যায়নি। এতে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।’

ফেব্রুয়ারির শেষদিকে ইউরোপা লিগের ম্যাচে অলিম্পিয়াকোসকে হারায় আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হয় আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে। এদিকে অলিম্পিয়াকোস ও নটিংহ্যাম ফরেস্টের মালিক ইভাঞ্জেলোস ম্যারিনাকিসের দেহে মঙ্গলবার করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

আর্সেনাল ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ইভানঞ্জেলোসের সংস্পর্শে আসা খেলোয়াড়দের শরীরে সামান্য মাত্রায় কোভিড-১৯-এর উপস্থিতি আছে। তাদের ব্যাপারে ঝুঁকি না নেওয়ার স্বার্থেই তাদের সবার থেকে দূরে রাখা হয়েছে। আগামী শুক্রবারই তারা মাঠে ফিরতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তাদের দেহে খুবই সামান্য মাত্রায় কোভিড-১৯-এর সংক্রমণ ধরা পড়েছে। ডাক্তারদের পরামর্শেই আমরা তাদের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি।’এর আগে গেল মঙ্গলবারই ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা মন্তব্য করেছিলেন, দর্শকহীন মাঠে ম্যাচ আয়োজনের চেয়ে লিগ আপাতত স্থগিত করা উচিত। কারণ, তার মতে ফুটবল মাঠে দর্শক না থাকলে তার কোনো অর্থই থাকে না।  তিনি বলেন, ‘আমাদের সতর্কতা কোনো বিকল্প নেই। কারণ ইতালিতে এখনই পরিস্থিতি খুব বাজে আকার ধারণ করেছে। সিরি ‘এ’ স্থগিত হয়েছে। স্পেনে আগামী দুই সপ্তাহ দর্শকশূন্য মাঠে খেলা হবে। এটা এখানেও হবে। দর্শক না থাকলে সেই মাঠে ফুটবল খেলার চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। আমাদের কাজটাই হলো দর্শকদের জন্য খেলা। আর সেই দর্শকরাই যদি না থাকলো, তাহলে আর খেলে লাভ কি?’